স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে জামায়াতে ইসলামীর আমিরের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার। তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় এ ধরনের মন্তব্য করা হচ্ছে।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির রংপুর বিভাগীয় দপ্তরের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি পাঁচবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করেছে। তাই দলটিকে ফ্যাসিবাদী বলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন।
রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের স্থায়ী কমিটি। দল যাকে সবচেয়ে যোগ্য ও দায়িত্বশীল মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। এ বিষয়ে ব্যক্তিগত কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বেসরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন কিছু পরিকল্পনা করছে। এটি কমিশনের নিজস্ব বিষয় এবং এ প্রক্রিয়ায় বিএনপির কোনো হস্তক্ষেপ নেই।
উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দও দেওয়া হচ্ছে।
এর আগে সকালে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির রংপুর বিভাগীয় দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানে তিনি উপকারভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল হলে গ্রামীণ উন্নয়নে নতুন গতি আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমির সচিব, বিআরডিবির মহাপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।