জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আসামিদের বিরুদ্ধে আনা দুটি অভিযোগ তুলে ধরে বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে পরিকল্পিতভাবে নির্বিচারে গুলি চালিয়ে ১১ জনকে হত্যা এবং আরও কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।
প্রসিকিউশনের দাবি, ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধের আওতাভুক্ত। শুনানিতে আসামিদের ভূমিকা তুলে ধরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানানো হয়।
অন্যদিকে, রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা কয়েকজন আসামির অব্যাহতি (ডিসচার্জ) চান। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কয়েকজনকে মামলায় জড়ানো হয়েছে। তবে বাকি আসামিপক্ষের আইনজীবীদের শুনানির জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মামলায় অভিযুক্ত ২৬ জনের মধ্যে আটজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। অপর ১৮ জন পলাতক। তাদের মধ্যে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং পুলিশের একাধিক সাবেক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।