প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানপত্র জমা দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় যোগদান সম্পন্ন করলাম। সবার দোয়া চাই।’
এর আগে রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদ খান।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর রাশেদ খান সেটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’