বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চলতি বছর আরও কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্ধ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সম্পদ অলস পড়ে থাকায় সেগুলো সরকারের জন্য দায়ে পরিণত হয়েছে। এসব সম্পদকে আবার উৎপাদনশীল সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেসরকারি খাতকে নতুন বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে এবং সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।
তৈরি পোশাক খাতের রপ্তানি কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক (ট্যারিফ) বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতেও পড়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতির উন্নতি হলে রপ্তানি আবারও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে টিকে গ্রুপের সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি টিকে গ্রুপকে লিজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি সেখানে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে, যার মাধ্যমে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
এর আগে একই শিল্পাঞ্চলের ৭৭ একর জমি জুট অ্যালায়েন্সের কাছে লিজ দেওয়া হয়েছিল।