বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার গত সোমবার (৬ জুলাই) থেকে পুনরায় উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ার পাশাপাশি খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যাবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে আরও বেশি বাংলাদেশি দক্ষ কর্মী বিদেশে কাজের সুযোগ পাবেন এবং বৈদেশিক রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে।
এর আগে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। পরে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও তারা অংশ নেন।
সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বিদেশে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।