রোববার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি।
আবেদনে অন্য দুই আসামি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে শিশুটির অবস্থার অবনতি ঘটে। এছাড়া সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় সে টিকা নিতে পারেনি এবং পরে হামে আক্রান্ত হয়ে মারা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এই অবহেলার কারণেই দেশে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে বাদীর দাবি।
বাদীর অভিযোগ, সংশ্লিষ্টদের এসব কর্মকাণ্ড রাষ্ট্রের জনস্বাস্থ্য ও নাগরিকের জীবন রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার শামিল। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।