জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণে। এক শহীদ জননীর হৃদয়বিদারক বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্তানের আত্মত্যাগের বর্ণনা শুনে তিনি অশ্রুসিক্ত হয়ে ওঠেন।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ এবং তাদের বেদনাভরা অভিজ্ঞতা উপস্থিত সবার মধ্যে গভীর আবেগের সৃষ্টি করে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো কয়েকজন শহীদের পরিবারের সদস্য মঞ্চে উঠে তাদের প্রিয়জনদের হারানোর স্মৃতি এবং সংগ্রামের কথা তুলে ধরেন। এ সময় এক শহীদ জননী সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শহীদ জননীর সেই হৃদয়স্পর্শী বক্তব্যে উপস্থিত দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগ ধরে রাখতে পারেননি। তার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে এবং কিছুক্ষণ নীরবে শহীদ পরিবারের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা যায়।