আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি এ কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে এ প্রশ্নটি উত্থাপিত হয়।
মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং ব্যবস্থা চালু করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রবাসী ভোটারকে এ ব্যবস্থার আওতায় আনার কাজ চলছে।
গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।
এছাড়া তিনি জানান, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিষদের কার্যাবলী সম্পাদনে পরামর্শ প্রদান করেন।