ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের অর্থনীতির প্রকৃত চালিকাশক্তি ও মেরুদণ্ড হলেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কৃষকদের গুরুত্ব গভীরভাবে অনুধাবন করেছিলেন।
শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এর মাধ্যমে সরকারের কৃষিবান্ধব অবস্থান স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করলেও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষি কার্ড, যার মাধ্যমে তারা সুলভ মূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহের পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণ গ্রহণের সুযোগ পাবেন।
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, কৃষিপণ্যের সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে কৃষকরা উৎপাদিত পণ্য দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন এবং ন্যায্যমূল্য নিশ্চিত হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাটহাজারী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।