বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, জামিন শুনানিতে ড. বারকাতের পক্ষে তার আইনজীবী যেকোনো শর্তে জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তার মুক্তিতে আইনগত বাধা নেই বলে জানা গেছে।
এর আগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পরও কারামুক্ত হওয়ার আগেই তাকে আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নীলক্ষেত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।