জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম মণি এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কমিটির সদস্যদের নামও অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির একাধিক সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর দুইজন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সংসদ সদস্য।
পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
সংসদীয় কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা, আইন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানই হবে কমিটির প্রধান দায়িত্ব।
এদিকে একই দিনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সভাপতি করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে।
এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠনের মাধ্যমে চলতি সংসদে তিনটি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ায় আন্দালিব রহমান পার্থকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।