দেশের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) শিক্ষার মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমতুল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
রোববার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, গত দুই দশকে শিক্ষা খাতে নানা ধরনের সংকট ও নৈরাজ্যের কারণে শিক্ষার গুণগত মান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব এখন উচ্চশিক্ষার ক্ষেত্রেও দৃশ্যমান। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল করতে ব্যর্থ হচ্ছে।
তিনি জানান, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পাঠ্যক্রমের অংশ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা খাতে বাজেট বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করা হয়েছে, যা ভবিষ্যতে ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত হবে এবং বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।