ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও আলোচনা অবশেষে দূর হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ স্বত্বাধিকারী অন্যান্য মাধ্যমের মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের সব খেলা উপভোগ করতে পারবেন।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের আগ্রহ ও উন্মাদনা বিবেচনায় সরকার সম্প্রচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে দর্শকদের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এবারের বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ মধ্যরাত কিংবা ভোরে অনুষ্ঠিত হবে। তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বড় মনিটর ও ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে খেলা প্রদর্শনের জন্য উৎসাহিত করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও জানান, বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ক্রয়ের ক্ষেত্রে সরকার স্বচ্ছতা ও ব্যয় সাশ্রয়ের নীতি অনুসরণ করেছে। বিজ্ঞাপন স্বত্ব বিক্রির মাধ্যমে ব্যয়ের বড় একটি অংশ পুনরুদ্ধার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সরকারের এই উদ্যোগের ফলে দেশের লাখো ফুটবলপ্রেমী একসঙ্গে বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।