তিস্তা প্রকল্পে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকার চাইলেই চীন এ প্রকল্পে কাজ শুরু করতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন সমর্থন করে না। চীনের সঙ্গে অন্য দেশের সম্পর্ককে যদি তৃতীয় পক্ষ টার্গেট করে, তবে তা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চীন ও বাংলাদেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। অবকাঠামো উন্নয়ন, নদী ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।