রোজা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। দায়িত্ব গ্রহণের পরদিন থেকেই রোজা শুরু হওয়ায় প্রস্তুতির সময় খুব বেশি পাওয়া যায়নি। তবে বাজারে যে পরিমাণ পণ্যের মজুত রয়েছে, তা মূল্য স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট বলেও উল্লেখ করেন তিনি।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনি প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা হবে। ইশতেহারে উল্লেখিত প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট খাতগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের সম্প্রসারণ এবং এআই-ভিত্তিক নতুন সেক্টর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারত বড় পরিসরে ডিজিটাল কর্মসূচি বাস্তবায়ন করছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দিচ্ছে। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকেও প্রযুক্তিনির্ভর সক্ষমতা অর্জন করতে হবে, নইলে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ সময় বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সংসদ সদস্য এম এ মালিক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।