যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সোমবার পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে আখ্যায়িত করে অভিযোগ করেছে,
ওয়াশিংটনের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং এটি একটি ঘৃণ্য অপরাধের শামিল। উত্তর কোরিয়ার মতে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, যা বিশ্বব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।
পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে আলোচনার প্রধান বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কার্যকলাপ। অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেই আন্তর্জাতিক দায়িত্ব শেষ হয়ে যায় না বলে মন্তব্য করা হয়। উত্তর কোরিয়ার দাবি, যুক্তরাষ্ট্র নিজের আচরণ আড়াল করে অন্য দেশগুলোর বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে।
বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না থাকলেও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণকে জাতিসংঘের প্রতি অবজ্ঞা হিসেবেই দেখছে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে এবং সেই প্রেক্ষাপটেই উত্তর কোরিয়ার এই কঠোর প্রতিক্রিয়া এসেছে।
উল্লেখযোগ্যভাবে, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। আন্তর্জাতিক চাপের মধ্যে থাকা দেশটি বারবার অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জাতিসংঘকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই বক্তব্যের মধ্য দিয়ে পিয়ংইয়ং আবারও আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?