বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সোমবার (৬ অক্টোবর) দুই দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি, যিনি বৈঠকে তুরস্কের পক্ষে প্রতিনিধিত্ব করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হবে। পাঁচ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দুই দেশের সম্পর্কের সামগ্রিক অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সূত্র জানায়, আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ, দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন, শিক্ষা, সংস্কৃতি, কূটনৈতিক প্রশিক্ষণ ও জনসম্পর্ক জোরদার নিয়েও আলোচনা হতে পারে।
কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই বৈঠক দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তুরস্ক দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়, আর বাংলাদেশ চায় প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র খুলে দিতে।
উল্লেখ্য, সর্বশেষ তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আঙ্কারায়। এবার চতুর্থ দফার এই বৈঠক ঢাকায় আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্ক উভয় দেশই তাদের দীর্ঘদিনের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করবে বলে আশা করা হচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?