দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন।
দীর্ঘদিন ধরে আন্দোলন নিয়ে বলিউডের অনেক তারকার নীরবতা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা চলছিল। এমন পরিস্থিতিতে বুধবার গভীর রাতে নিজের অবস্থান স্পষ্ট করেন আলিয়া।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে অভিনেত্রী লেখেন, ‘গত কয়েকদিনের ঘটনা আমার মন ভেঙে দিয়েছে। তবে একই সঙ্গে আশাও জাগিয়েছে। নিজেদের দাবিতে অটল প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং দীর্ঘ ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের জন্য নয়, পুরো একটি প্রজন্মের হয়ে কথা বলছে।’
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাহস তাকে অনুপ্রাণিত করেছে এবং তাদের দৃঢ়তা সমাজের সামনে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরেছে। আলিয়ার ভাষায়, ‘যাদের হাতে দেশের ভবিষ্যৎ, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি?’
পোস্টের শেষাংশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তিনি লেখেন, ‘এই সংহতি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের পক্ষেই। ভবিষ্যৎ তাদের হাতেই। জয় হিন্দ।’
দিল্লির যন্তর মন্তরে টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন মাত্রা পায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করলে দেশজুড়ে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
আলিয়ার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানানোর জন্য অভিনেত্রীর প্রশংসা করেছেন। আবার কেউ কেউ আন্দোলন নিয়ে এখনো নীরব থাকা অন্য বলিউড তারকাদের প্রসঙ্গও তুলেছেন।