ভারতের চেন্নাই মেট্রো রেল লিমিটেড (সিএমআরএল) ট্রেন ও স্টেশন এলাকায় মোবাইল ফোনে গান বা ভিডিও শোনার সময় ইয়ারফোন ব্যবহার বাধ্যতামূলক করেছে। নতুন নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ২ হাজার ৫০০ রুপি পর্যন্ত জরিমানা করা হবে।
সিএমআরএল জানিয়েছে, যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় করা, শব্দদূষণ কমানো এবং সহযাত্রীদের বিরক্তি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি যাত্রীদের উদ্দেশে বলেছে, সহযাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে হেডফোন ব্যবহার করতে হবে, স্পিকার মোড এড়িয়ে চলতে হবে এবং উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকতে হবে।
ভারতের আবাসন ও নগরবিষয়ক মন্ত্রণালয়ের ১৯ জুন ২০২৬ সালের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, জন বিশ্বাস আইন, ২০২৬-এর আওতায় মেট্রো রেলওয়ে (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২-এর ৫৯ ধারার জরিমানার বিধান সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, সহযাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হয়—এমন যেকোনো আচরণ দণ্ডনীয়। এর মধ্যে রয়েছে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলা, ইয়ারফোন ছাড়া গান বা ভিডিও চালানো এবং ট্রেন বা স্টেশন এলাকায় স্পিকার মোড ব্যবহার।
সিএমআরএল জানায়, আগে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫০০ রুপি জরিমানার বিধান থাকলেও এখন তা বাড়িয়ে ২ হাজার ৫০০ রুপি করা হয়েছে। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট যাত্রীকে মেট্রো স্টেশন বা ট্রেন থেকে সরিয়েও দিতে পারবেন।
এর আগে গত মাসে যাত্রীসেবা উন্নয়ন এবং নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ভ্রমণ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারণা চালায় সিএমআরএল। এতে ট্রেনে ওঠার আগে যাত্রীদের নামতে দেওয়া, দরজা আটকে না রাখা, প্ল্যাটফর্মের হলুদ নিরাপত্তা রেখা অতিক্রম না করা, এস্কেলেটরে ‘স্ট্যান্ড লেফট, ওয়াক রাইট’ নিয়ম অনুসরণ এবং ব্যক্তিগত অডিও-ভিডিও উপভোগের ক্ষেত্রে হেডফোন ব্যবহারের আহ্বান জানানো হয়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?