ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুঁইয়ার ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে তিনি থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিদ মনছুরের হাতে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগপত্রে শেহরীন আমিন ভুঁইয়া উল্লেখ করেন, কয়েকজন ব্যক্তি তার ছবি অশালীনভাবে সম্পাদনা করে ফেসবুকে প্রকাশ করেছেন এবং সেখানে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। এসব কর্মকাণ্ডে তিনি মানসিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে এক্টিভিস্ট মুজতবা খন্দকার, মহিউদ্দিন মোহাম্মদ, আশফাক হোসাইন ইভান এবং ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইনের। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে শেহরীন আমিন ভুঁইয়ার ছবি বিকৃত করে পোস্ট করে ক্যাপশন দেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।” অন্যদিকে মহিউদ্দিন মোহাম্মদ নিজের ফেসবুকে ‘যৌন-কল্পনার রসদ’ শিরোনামে একটি ফটোকার্ড পোস্ট করে, যেখানে একাধিক অশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়।
নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাস পোর্টালের একটি ফেসবুক পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং আশফাক হোসাইন ইভান তার ফেসবুক পেজে বিকৃত ছবি পোস্ট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বারবার বিকৃত ছবি পোস্ট করে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগে শেহরীন আমিন ভুঁইয়া সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।