আবু তাহের, জাককানইবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক মৃত তরুণীর লাশ ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত লাশবাহক মো. আবু সাঈদ (১৯) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত শেষে তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকায় ওই তরুণী আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশবাহক আবু সাঈদকে পাঠায়। মর্গে মৃতের স্বজন না থাকায় সুযোগ বুঝে সে লাশের সঙ্গে ধর্ষণ করে।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঘটনাটি ঘটে। আসামি আবু সাঈদ হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে এবং হালুয়াঘাট থানা পুলিশের লাশবাহক হিসেবে কর্মরত ছিলেন।
পরে ময়নাতদন্তকারী চিকিৎসক মৃতদেহে তাজা বীর্যের উপস্থিতি শনাক্ত করেন। এ তথ্যের ভিত্তিতে হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) জামাল মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আবু সাঈদকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন এসআই জামাল মিয়া।