চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভালো ফল অর্জন না করলেও নির্বাচিতদের কাজে সহযোগিতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শাখা ছাত্রদল আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতকাল ছিল আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। চাকসু নির্বাচনে কিছু ত্রুটি ও অব্যবস্থাপনা থাকলেও সামগ্রিকভাবে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রায় দিয়েছেন, সেটাই চূড়ান্ত ও সেটাই আসল।”
নাছির উদ্দীন নাছির প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহারের বিষয়টি ইতিবাচক হলেও, প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত ছিল। তবে আমরা ফলাফল যাই হোক না কেন, শিক্ষার্থীদের কল্যাণে এবং নির্বাচিতদের কাজে সহযোগিতা করব।”
তিনি জানান, “আমাদের প্যানেলের ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের জন্য আমরা কাজ চালিয়ে যাব। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে পাশে থাকবে।”
সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “আমরা চাকসু নির্বাচন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম। শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন এই ফলাফল। আমি সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে কাজ করব, দলীয় সীমারেখার বাইরে গিয়ে তাদের অধিকার নিশ্চিত করব।”
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও রাজু আহমদ, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
ছাত্রদল নেতারা বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে শিক্ষার্থীরা গণতন্ত্রে বিশ্বাসী, এবং ছাত্রদল ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে।