আশরাফুল ইসলাম ,শেকৃবি প্রতিনিধি
শিক্ষার্থীদের চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে ভাঙা রাস্তা সংস্কারে উদ্যোগ নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন বহুদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তা নিজ হাতে সংস্কার করে সংগঠনটির নেতাকর্মীরা।
খোজ নিয়ে জানা যায়, পানির পাইপের কাজের জন্য কাটা রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙা-গর্তে থাকায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল।
বর্ষাকালে জমে থাকা পানির কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটার উপক্রম হতো। এমন দুরবস্থা দূরীকরণে শেকৃবি ছাত্রদলের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়ন ও শ্রম দিয়ে ১২ অক্টোবর (রবিবার) রাস্তাটির সংস্কারকাজ সম্পন্ন করেন।
এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বি.এম. আলমগীর কবীর বলেন,
“শিক্ষার্থীদের এই ভোগান্তি আমাদের নজরে আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা ছাত্রদলের পক্ষ থেকে নিজ উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কাজটি করার সিদ্ধান্ত নিই। ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্যই হলো সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।”
সংগঠনটির সভাপতি আহমেদুল কবীর তাপস বলেন,
“বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশের রাস্তাটি দীর্ঘদিন ধরে নষ্ট ছিল, বর্ষাকালে সেখানে পানি জমে শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে চরম অসুবিধা হতো। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কারের দায়িত্ব নেই, যেন সবাই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।”