রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জুলফিকার মাহমুদ এবং সদস্য-সচিব হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জকসু বিধি পাস হওয়ার পূর্ব পর্যন্ত নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির যাবতীয় কার্যক্রম সম্পাদন করবে এই কমিটি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, এ কমিটি গঠনের মাধ্যমে জকসু নির্বাচনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। দীর্ঘদিন পর জবিতে জকসু নির্বাচনের সম্ভাবনা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে জারি করা এ আদেশটি কমিটির সকল সদস্যের নিকট প্রেরণ করা হয়েছে।