রোকনুজ্জামান, জবি প্রতিনিধি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিশেষ অভিযানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন এলাকা ও বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) জবি ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
শিক্ষক ও শিক্ষার্থীসহ সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব স্থাপনার কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।
শুধু তাই নয়, একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যায়, যা বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছিল।
এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে যৌথ সভায় সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিএসসিসির প্রশাসকের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, সহকারী প্রক্টরবৃন্দসহ অন্যান্য শিক্ষক।
অভিযান শেষে জবি প্রশাসন ও শিক্ষক সমিতি ক্যাম্পাস ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকাকে অবৈধ দখলমুক্ত রেখে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার এ পদক্ষেপকে স্বাগত জানায়।