রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা আগামী নভেম্বর মাসের মধ্যেই সম্পূরক বৃত্তি পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের সাথে জবি শিবিরের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানানো হয়৷
জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নীতিমালা ও শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জবি শিবিরের প্রতিনিধি দল।
চেয়ারম্যান আমাদের জানিয়েছে যে শিক্ষার্থীদের আবাসন বৃত্তির যে অর্থ বাজেট সেটা দুইটা খাত থেকে আসবে৷ একটা অংশ অর্থ মন্ত্রণালয় থেকে আসবে আরেকটা অংশ ইউজিসি থেকে বরাদ্দ দেয়া হবে।
অক্টোবরের মধ্যে ইউজিসিতে থেকে অর্থ ছাড়ের সাথে সাথেই শিক্ষার্থীদের হাতে তা পৌঁছে দেয়া হবে৷ তিনি আরও জানিয়েছেন যে এবছরের নভেম্বরের মধ্যে হিট প্রজেক্ট থেকে আমাদের নারী শিক্ষার্থীদের আবাসনেন জন্য আরও একটি অর্থ বরাদ্দ দেয়া হবে৷”
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রিয়াজুল ইসলাম বলেন, “জকসু নির্বাচনের ব্যাপারে গত ৩১ আগষ্ট বিশ্ববিদ্যালয় থেকে যে আইন তৈরি করেছে সেটা ইউজিসি বরাবর একটি চিঠি আকারে প্রেরণ করেছে। তবে এখানে দুইটি ভুল থাকায় তা সংশোধনের জন্য আগামীকাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে৷
বিশ্ববিদ্যালয় থেকে যদি এটি বৃহস্পতিবারের মধ্যে ইউজিসিতে আসে তাহলে রবিবার তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবে ইউজিসি চেয়ারম্যান। এরপর সেখান থেকে অনুমোদন হয়ে আসবে৷”
এর আগে ২৭ আগষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) গঠনের লক্ষ্যে নীতিমালা প্রস্তাব অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য ৩১ আগষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।