জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেট ভবনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন জাকসু নির্বাচনে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল ইসলাম। শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনও চলছে। প্রশাসন যেকোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
আরিফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন,
“আপনারা সকলে সিনেট ভবনে জমায়েত হোন। আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে। ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা-ও নড়বেন না। জাকসু বানচালের এই ষড়যন্ত্র আমাদের একজোট হয়ে ব্যর্থ করে দিতে হবে ইনশাআল্লাহ।”
এর আগে একই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশাসনের তীব্র সমালোচনা করে লেখেন,
“জাকসু নির্বাচন ও সময় জ্ঞানহীন প্রশাসন!!! বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হবে এটাই আমরা জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, উনারা যে কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, মাসাল্লাহ জাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছেন!!”
তিনি আরও লিখেন, “পুরো দুনিয়া সেকেন্ড হিসেব করে পথচলে। আর আমরা দিন-মাস হিসাব করি। কী পরিমাণ প্রোডাক্টিভ সময় আমরা নষ্ট করছি, তার হিসেব কে দেবে? তাহলে কীভাবে আমরা বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকব? দলকানা, নিম্নমানের ব্যবস্থাপনা জ্ঞান ও সময় জ্ঞানহীন শিক্ষক ও প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, চলতে দেওয়া হবে না।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত জাকসু নির্বাচন ঘিরে একদিকে যেমন উত্তেজনা, অন্যদিকে কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। শিবির সমর্থিত প্রার্থীরা এখন সরাসরি শিক্ষার্থীদের মাঠে নামার আহ্বান জানাচ্ছেন, যা ক্যাম্পাস রাজনীতিকে আরও বিস্ফোরক করে তুলতে পারে।