আবু তাহের,ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকাশ দেবনাথ গুরুতর আহত হন। বর্তমানে তিনি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (১৭ আগস্ট) দুপুরে আকাশ দেবনাথের মানিব্যাগ হারিয়ে যায়। পরে বিকেলে তিনি ‘বিবিএ’ ফ্যাকাল্টির সিঁড়িতে বসে খেলা দেখছিলেন। এ সময় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অর্কও সেখানে উপস্থিত ছিলেন। পাশে থাকা এক সিনিয়রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় সামান্য ভুল হওয়ায় অর্ক আকাশকে বারবার উত্যক্ত করতে থাকেন।
আকাশ জানান, মানিব্যাগ হারানোর কারণে তিনি মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন এবং অর্ককে বারবার বিরক্ত না করার অনুরোধ করেছিলেন। কিন্তু উত্যক্ত করা অব্যাহত থাকায় একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এর পর হাতাহাতির সময় আকাশ সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সহপাঠীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়।
এ বিষয়ে আহত শিক্ষার্থী আকাশ দেবনাথ বলেন,
“আমি তখন ভীষণ মানসিক চাপে ছিলাম। কয়েকবার বলার পরও অর্ক থামেনি। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে হাতাহাতি শুরু হয়। তখনই আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পাই।”
অন্যদিকে অভিযুক্ত শিক্ষার্থী অর্কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন,
“ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি। তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বার্তা নিয়ে আকাশ ও অর্কর মধ্যে মৌখিক বিতণ্ডার ঘটনা ঘটেছিল। তবে সেটি পরবর্তীতে মীমাংসা হয়।