আবু তাহের,ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। রোববার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের নিচতলায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের নবাগত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি এবং ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে যান, যেখানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল, কলম, খাবার ও নানা উপহার সামগ্রী দিয়ে তাদের স্বাগত জানান। বিভিন্ন বিভাগ নিজস্ব আয়োজনে শ্রেণিকক্ষ সাজিয়ে, দেয়ালে আলপনা ও পোস্টারিং করে নবীনদের অভ্যর্থনা জানান।
নবীনদের আগমনে পুরো ক্যাম্পাস ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা দলবদ্ধভাবে পরিচিত হন নতুন বন্ধু ও শিক্ষার পরিবেশের সঙ্গে।
আইন ও বিচার বিভাগের নবীন শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ্, মহান আল্লাহর অশেষ রহমতে আমি পছন্দের বিভাগে ভর্তি হতে পেরেছি। প্রথম দিনের ওরিয়েন্টেশন ছিল ভাষায় প্রকাশের অতীত। আশা করি, শিক্ষা শেষে দেশের কল্যাণে কাজ করতে পারব।’
আরেক নবীন শিক্ষার্থী বলেন, ‘প্রথম অনুভূতি বলতে খুবই ভালো লাগছে এখানে এসে, এখানে পড়ার একটা স্বপ্ন ছিলো। ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিলো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। সেই স্বপ্নটা আজ পূরণ হয়েছে। নতুন একটা যাত্রা শুরু, আপনারা শুভকামনা রাখবেন আমাদের জন্য।’
নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে যে আনন্দ ও মিলনমেলা সৃষ্টি হয়েছিল, তা শিক্ষার্থীদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।