মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি)
৩১ মে অনুষ্ঠিতব্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোডে সার্ভার সমস্যায় শিক্ষার্থীরা হতাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা আগামী ৩১ মে (শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী, পরীক্ষার সাত দিন পূর্বে এডমিট কার্ড ডাউনলোডের সুযোগ দেওয়ার কথা থাকলেও, অনেক শিক্ষার্থী অভিযোগ করছেন যে, নির্ধারিত ওয়েবসাইটে লগইন করতে গিয়ে তারা বারবার ব্যর্থ হচ্ছেন। সার্ভার ডাউন বা স্লো থাকার কারণে এডমিট কার্ড ডাউনলোড করা সম্ভব হচ্ছে না, ফলে শিক্ষার্থীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এটি ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫। সারা দেশের ৮৭৯ টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যার কারণে শিক্ষার্থীদের এই ভোগান্তি নতুন নয়। এর আগেও বিভিন্ন সময় ফলাফল বা মেধাতালিকা প্রকাশের সময় একই ধরনের সমস্যা দেখা গেছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত হতাশাজনক।
শিক্ষার্থীরা দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে তারা সময়মতো এডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।