ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত জটিলতায় ভুগছিলেন এবং গেল কয়েক দিন লাইফ সাপোর্টে ছিলেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের শারীরিক অবনতির পর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। ৬ মার্চ রাজধানীর রমনায় অবস্থিত ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর বলে জানান এবং তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।
প্রবীণ শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক তার কর্মজীবনে একজন দক্ষ প্রশাসক, গবেষক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৭ সালে তার মেয়াদ শেষ হয়। পরবর্তীতে তিনি আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান।
তাঁর মৃত্যুতে শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। শিক্ষাক্ষেত্রে তার অবদান ও নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন সহকর্মী ও শিক্ষার্থীরা। তাঁর জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।