ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র তাজবির হোসেন শিহানের নির্মম হত্যাকাণ্ডে শোকের ছায়া
গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকায় গত ১২ ডিসেম্বর ২০২৪ ভোরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ছাত্র এবং প্রাক্তন শিক্ষার্থী তাজবির হোসেন শিহান (২৬) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছেন।
শিহান উত্তরার একটি কল সেন্টারে কর্মরত ছিলেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন গর্বিত এলামনি ছিলেন। এছাড়া, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় আগ্রাসনবিরোধী লেখালেখি করতেন, যা তার জনপ্রিয়তার পাশাপাশি শত্রুতার কারণ হয়ে দাঁড়ায় বলে ধারণা করা হচ্ছে।
এ মর্মান্তিক ঘটনায় শিহানের পরিবার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলামনিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তুলেছেন।
শিক্ষার্থীদের সংগঠন PUSAB-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই, দ্রুত দোষীদের গ্রেফতার না করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে!
তাজবির হোসেন শিহানের নির্মম মৃত্যু আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে সবার দৃষ্টি এখন প্রশাসনের দিকে।