রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে তারা আন্দোলনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা ক্যাম্পাসে টানানো ছাত্রদলের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। এছাড়া কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টার ঘটনাও ঘটে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও সংগঠন নিষিদ্ধ করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখতে হবে।
জানা গেছে, রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা একত্র হয়ে আন্দোলন শুরু করেন। এর আগে সন্ধ্যার পর কলেজ গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রঙ দিয়ে মুছে ফেলার ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এর জের ধরেই তারা বিক্ষোভে নামেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।