নারায়ণগঞ্জ-২ আসনে নির্বাচনী পরিস্থিতি যখন তুঙ্গে, ঠিক সেই সময় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লার নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমানের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবার ও দলীয় নেতাকর্মীরা দাবি করছেন, বুধবার দুপুরের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
মাহবুবুর রহমান আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লার গহরদী ভোটকেন্দ্রে নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার দুপুরে তার ভাগিনা সাব্বির আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের বিষয়ে সাব্বির জানান, দুপুর ১২টার দিকে বাসায় ফেরার পথে তার মামার সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আড়াইহাজার বাজারসহ আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হলেও তার সন্ধান মেলেনি। মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা রিসিভ করা হয়নি।
জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, এখন পর্যন্ত মাহবুবুর রহমানের কোনো অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে এবং দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছেন। তিনি জানান, নিখোঁজ ব্যক্তি তার নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন, ফলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের প্রাক্কালে একজন নির্বাচনী এজেন্টের এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে। এখন প্রশাসনের তৎপরতার দিকেই নজর সংশ্লিষ্টদের।