কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তিনি কুমিল্লা আদালতে উপস্থিত হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দেন। শুনানিতে তার আইনজীবীর মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে লিখিত ব্যাখ্যা উপস্থাপন করা হয়।
মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, বিচারিক কমিটি তার কাছে ভাইরাল ভিডিও সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে এবং তিনি সেখানে নিজের অবস্থান তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি জানান, বিএনপি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
তবে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করবেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে কুমিল্লা-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখিত অভিযোগে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের হুমকি দিয়েছেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন নির্বাচনি আইন লঙ্ঘনের শামিল এবং এটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করে।
মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয় এবং পরবর্তীতে আদালতের আদেশে তার প্রার্থিতা বাতিল করা হয়।