কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনের প্রাক্কালে ভোটার স্লিপের সঙ্গে নগদ টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে হাতেনাতে আটক করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।
কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া দুই ব্যক্তি হলেন গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটরা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। এ খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা স্থানীয় ব্যবসায়ী শাহিনের বাড়ি থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকা নোটের দুটি বান্ডেল জব্দ করা হয় বলে দাবি করা হয়েছে।
পরে তাদের জামায়াতের স্থানীয় নির্বাচনি কার্যালয়ে নেওয়া হয়। খবর পেয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয় এবং জব্দ করা টাকাসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা প্রকাশ্যে টাকা বিতরণ করছেন, যা নির্বাচনবিধি সম্মত নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা যেন অগ্রণী ভূমিকা পালন করেন।’
কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।