মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কাজীপুরা এলাকার সংলগ্ন নদী সীমানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত উমায়ের হাসান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা এবং মুক্তার গাজীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সোহাগ ও বায়েজিদ নামে তার দুই বন্ধু মোবাইল ফোনে ডেকে উমায়েরকে বাসা থেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় উমায়েরের মা আনার কলি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়ার কাজীপুরা এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করেন। পরে আড়াইটার দিকে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতের মা আনার কলি অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে উমায়েরের সঙ্গে থাকা ওই দুই বন্ধু পলাতক রয়েছে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং এর সঙ্গে সোহাগ ও বায়েজিদ জড়িত।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।