খুলনা:
খুলনার আড়ংঘাটা থানার গণ অধিকার পরিষদের ১২৭ জন নেতাকর্মী খুলনা মহানগর এনসিপির সংগঠক ও খুলনা-৩ আসনের এনসিপির সংসদ পদপ্রার্থী এস এম আরিফুর রহমান মিঠু’র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানে এস এম আরিফুর রহমান মিঠু বলেন, তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আমরা দায়বদ্ধতা ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এনসিপি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের একটি সুবৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে। আওয়ামী লীগ ও বিতর্কিত ব্যক্তিদের বাইরে রেখে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য মানুষদের এনসিপিতে যুক্ত হওয়ার আহ্বান জানাই।
এ সময় নতুন যোগদানকারী নেতাকর্মীরা এনসিপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ করে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।