মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মা,মাটি আর দেশের মানুষের টানে নিজ জন্মভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়ে দ্বীপজেলা ভোলার বিএনপি ও তাদের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভেতর,শহর থেকে নগর সর্বত্রই এখন তারেক রহমানের দেশে ফেরার আলাপ। তাদের প্রিয় নেতাকে বরণ করতে লঞ্চযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলার প্রায় পঞ্চাশ হাজারের বেশি বিএনপি নেতাকর্মী। জেলার ৭ উপজেলার নেতাকর্মীদের জন্য রিজার্ভ করা হয়েছে ১২ টি লঞ্চ।
ভোলা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে জেলার ৭ উপজেলা বিএনপির বিভিন্ন শাখার নেতাকর্মীরা ঢাকার ৩০০ ফিটের জনসভায় উপস্থিত হওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। লঞ্চযোগে কেউ কেউ ইতোমধ্যে নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন,আবার কেউ কেউ আগামী ২৪ ডিসেম্বর দিনগত রাতে দলবদ্ধ ভাবে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৫ ডিসেম্বর সকালে একত্রিত হয়ে জনসভায় উপস্থিত হয়ে জনসভা শেষে তারা একই লঞ্চে ভোলায় ফিরবেন।
১২টি লঞ্চের মধ্যে ভোলা সদর উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ২টি লঞ্চ,দৌলতখান থেকে ১টি,বোরহানউদ্দিন থেকে ২টি,লালমোহন থেকে ২টি,তজুমদ্দিন থেকে ১টি,চরফ্যাশন থেকে ৩টি ও মনপুরা উপজেলা থেকে ১টি।