শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান সাগরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য পদত্যাগী সদস্য পনু সিকদার ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল রাড়ীর নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা মতিউর রহমান সাগর নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারী পনু সিকদার ও নাজমুল রাড়ী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আরও বলেন, মতিউর রহমান সাগরের নেতৃত্বে জননেতা আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করা হবে এবং ঘরিষা ইউনিয়নসহ পুরো নড়িয়া এলাকাকে বিএনপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত করা হবে, ইনশাআল্লাহ।
নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান সাগর বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও সুস্থধারার রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নড়িয়া–সখিপুর এলাকার শান্তির প্রতীক আলহাজ্ব শফিকুর রহমান কিরণকে বিজয়ী করতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও জানান, ইতোমধ্যে আওয়ামী লীগের এমন অনেক নেতাকর্মী, যারা কোনো অপকর্মের সঙ্গে জড়িত নন, তারা বিএনপিতে যোগদানের জন্য যোগাযোগ করছেন। এই যোগদান প্রক্রিয়া আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।