সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কলাপাড়া টিম।
গ্রেফতারকৃত যুবকের নাম কাইউম হাওলাদার (৩১)। তিনি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলী এলাকার বাসিন্দা এবং শাজাহান হাওলাদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাইউম হাওলাদারের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়মূল্যের নগদ ১৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি মাদক সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কলাপাড়া টিম জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।