জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকসহ আটক সুমন খন্দকার (২৫) সদর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা হাকিম খন্দকারের ছেলে। পাড়েরহাট ফাঁড়ির মোড় এলাকা থেকে তাকে আটক করেন ইন্দুরকানী থানা পুলিশের এসআই পলাশ।
মোবাইল কোর্টে সুমন খন্দকারকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ইউএনও হাসান মো. হাফিজুর রহমান জানান, “উদ্ধারকৃত ২ পিস ইয়াবা বিনষ্ট করার দায়িত্ব থানা পুলিশকে দেওয়া হয়েছে। আসামি সুমন মাদক ব্যবসায়ী রমজানের কাছ থেকে ইয়াবা কিনতেন। রমজানকে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে বের করে ঘরটি তালাবদ্ধ করা হয়েছে। ঘর বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন এবং তার নামে একাধিক মামলা রয়েছে।”
তিনি আরও জানান, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।