জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
এর আগে গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। নির্ধারিত দিনে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
শুনানিতে তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন আদালতকে জানান, নাসির উদ্দিন সাথী মাইটিভির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। জুলাই আন্দোলনের সময় তার টেলিভিশন চ্যানেলে আন্দোলনের সংবাদ যথাযথভাবে প্রচার না করে অন্য বিষয় তুলে ধরা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
প্রসিকিউটর আরও দাবি করেন, তদন্তে নাসির উদ্দিন সাথীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুরের অনুরোধ জানান তিনি।
অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি আদালতে বলেন, নাসির উদ্দিন সাথী গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। এক বছরের বেশি সময় পার হলেও এতদিন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন হয়নি।
তিনি আরও দাবি করেন, নাসির উদ্দিন সাথীর আওয়ামী লীগে কোনো পদ-পদবি নেই। তিনি অসুস্থ হওয়ায় তাকে নতুন করে মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান আইনজীবী।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত নাসির উদ্দিন সাথীকে মাহফুজুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান। ওই দিন দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
এ ঘটনায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।
এর আগে ২০২৫ সালের ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তার আইনজীবী সোহরাব হোসেন রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তাকে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।