মঈন উদ্দীন, বান্দরবান সদর
বান্দরবানে থানচি নাফাখুমে পর্যটন নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও নাফাখুম ঝরনায় গোসলে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিখোঁজ হন। আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুর পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঢাকা থেকে যাওয়া পর্যটকদের ১৭ সদস্যের একটি দলের সাথে নাফাখুমে যান নিখোঁজ ইকবাল হোসেন (২৫)। পরিচয়পত্র অনুযায়ী, তাঁর বাড়ি ঢাকার ডেমরার রসুলনগরে। বাবা মফিজুল ইসলাম ও মা রাশিদা বেগম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সকালেই ইকবালসহ দলটি আলীকদম ও তিন্দু হয়ে নাফাখুমের উদ্দেশে রওনা হন। সারাদিন ঝরনার পাশে ঘোরাঘুরির পর বিকেল পাঁচটার দিকে তাঁরা সবাই গোসলে নামেন। এ সময় তীব্র স্রোতে ইকবাল পানিতে তলিয়ে যান এবং আর ভেসে উঠেননি। এরপর থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, পর্যটক দলের অন্য ১৬ জন নিরাপদে উপজেলা সদরে ফিরে এসেছেন। ইকবাল হোসেন নিখোঁজ হওয়ার ঘটনাটি তাঁর পরিবারকে জানানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।