মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান খান (২২)। তিনি চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের ছেলে।
এর আগে সোমবার (১০ নভেম্বর) ভোরে একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আরিফ মীর (৩৮)। তিনি বিএনপি নেতা ফ্রান্স প্রবাসী আব্দুর রহিম মোল্লা পক্ষের সমর্থক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপি সভাপতি ওয়াহিদ রায়হান পক্ষের জিন্নত মীর ও হোসেন মীরদের সঙ্গে আব্দুর রহিম মোল্লা পক্ষের আরিফ মীরদের বিরোধ চলে আসছিল। সোমবার ভোরে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গুলিবিনিময়ের ঘটনায় আরিফ মীর নিহত হন এবং ইমরান, রায়হানসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, “আহত অবস্থায় কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে রায়হান নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।