পটুয়াখালীর দশমিনায় কাফনের কাপড় জড়িয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। ‘জয় বাংলা’ স্লোগানে অনুষ্ঠিত এ মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর বাজারে এসে শেষ হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ লেখা ব্যানার নিয়ে মিছিল করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪৫ থেকে ৫০ জন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী ওই মিছিলে অংশ নেন। নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদা। মিছিল চলাকালে তারা স্লোগান দেন— “মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে”, “১৩ তারিখে লকডাউন সফল হোক”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” ইত্যাদি।
মিছিল শেষে জায়েদ প্যাদা তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লেখেন, “অনেক দিন পর আবার রাজপথে।” পরে ভিডিওটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) বিভিন্ন ফেসবুক পেজেও শেয়ার করা হয়।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”