ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা, নগরকান্দা ও ভাঙ্গার অংশবিশেষ) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার পর শামা ওবায়েদ নিজের ফেসবুক পেজে লেখেন, “আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ।” তবে তিনি নেতাকর্মীদের আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করার নির্দেশ দেন। ফরিদপুর-২ আসনের বিএনপি নেতারা জানিয়েছেন, শামা ওবায়েদ ফোন করে সবাইকে শান্তভাবে সাংগঠনিক প্রস্তুতিতে মনোযোগী থাকতে বলেছেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, “সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ ১৭ বছর আমরা সংগ্রাম করেছি, সেই পথের একজন অংশীদার আমি।”
তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমি আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য নিজেকে বিলিয়ে দেব।”
ফরিদপুর জেলায় এবার চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদের প্রার্থীতা স্থানীয়ভাবে উচ্ছ্বাস সৃষ্টি করলেও, তার আহ্বানে নেতাকর্মীরা মিছিল-উদযাপন থেকে বিরত রয়েছেন।