আমজাদ শিবলু : সেনবাগ (নোয়াখালী )
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থনে সোমবার (০৩ নভেম্বর) বিকেলে সেনবাগের কানকিরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে জনসমুদ্রসদৃশ বিশাল শোডাউন।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ওবায়দুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে বিএনপি নেতা জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী মফিজুর রহমান।
তিনি বলেন, “বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। যারা অতীতে দুঃসময়ে কর্মীদের পাশে ছিলেন না, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
নেতা-কর্মীদের উদ্দীপ্ত স্লোগান ও করতালিতে সমাবেশস্থল এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।