মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী আলনা বেগম (৫০)। আহতরা হলেন নিহতদের ছেলের স্ত্রী অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) এবং অটোরিকশা চালক (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ নাতিকে দেখতে কুমিল্লা থেকে গজারিয়ার আনারপুরা গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন বিল্লাল হোসেন ও তার স্ত্রী। ব্যাটারিচালিত অটোরিকশাটি আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় মতলব থেকে ঢাকাগামী ‘মতলব পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার সকল যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় বিল্লাল হোসেন, তার স্ত্রী আলনা বেগম ও ছেলের বউ অঞ্জনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে বিল্লাল হোসেন ও তার স্ত্রী আলনা বেগম মারা যান।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, “দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক বাসচালক কাউসার হোসেনকে (২৫) আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।নিহতদের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।