আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আকাশে ঘন মেঘে ছাওয়া ছিল এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় অনেকে নদী পার হওয়ার অপেক্ষায় ঘাটে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই মুহূর্তেই বজ্রপাত ঘটে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটিতে রাশেদুল বিদ্রোহী হল থেকে হেঁটে ১৩ দিনে টেকনাফ পৌঁছেছিলেন। ভ্রমণপ্রিয় ও উদ্যমী এই তরুণের অকাল মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।